Thursday, November 6, 2014

ক্যাপসিকাম

"জল মারো, জল মারো" -সকাল।
দৌড় দৌড় দৌড়। বিস্ফোরণ।
কাগে খাচ্ছে, বগে খাচ্ছে, চড়াই রাও খেয়ে খেয়ে মরছে
এমন কোথাও যেখানে জীবিতরা মৃত হলে পর
ইহকালের সার্কাস দেখতে যায়
আর দেখতেই থাকে বহু কল্প কাল ধরে।
পনের বছর ধরে প্রতিনিয়ত মরছি, তাও মরার ভয় যায়নিকো।
খক করে কেশে
পায়ের পাশে দুর্বিনীত অস্তিত্ব উগরে দি।
কাফ গ্রীন, কাফ ইয়েলো।
ক্যানভাসে ভাসে আমার সৃষ্টি, জেনেটিক সিগনেচার আর আমার নিজস্ব রঙ।
আরে রুবেন্স, আরে রেনোয়া।

"জল মারো, জল মারো" -মধ্যরাত্রি।
শেষ ট্রেন ঢোকার পর বাজারের পড়ে থাকা কানা কলাটা-মূলোটা 
নিয়ে যাবে পাতচাটা কুত্তার মতো কিছু মানুষ।
"আর হাঁটতে পারি না দাদা!"
বড় পাকা মাছ, হিন্দুস্থান সুইটস, ভডকা,
মাংস, চর্বি, আঁশ, মাছি,
স্বপ্ন, বাস্তব,
সেই এক গুয়ের এপিঠ আর ওপিঠ।
পনের বছর ধরে প্রেম পায়নিকো,
খিদেও পায়নি, মন্দাগ্নি।
তোমার মন কেমন করেনি একবারের জন্যেও
যখন তোমার কোমরের অ্যাসিমটোটিক কার্ভের উপর
আঙুল চালিয়ে দোকানীরা হাল্কাচালে বলে,
"দাদা, চল্লিশ টাকা কেজি,
 লিয়ে জান,ভাল হবে।"
তোমাকে কি আদৌ তোমার মতো দেখতে?